বৈশ্বিক স্বর্ণ উত্তোলনে ষষ্ঠ লাতিন আমেরিকার দেশ পেরু। ২০০৬ সালে বৈশ্বিক উত্তোলন বৃদ্ধিতে বড় অবদান রেখেছিল দেশটি। ২০১৯ সালেও লক্ষণীয় মাত্রায় স্বর্ণ উত্তোলন করা হয়েছিল। কিন্তু মহামারী শুরুর পর থেকে উত্তোলনে মন্দা ভাব দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম চার মাসে পেরুর স্বর্ণ উত্তোলন প্রায় ৭ শতাংশ কমেছে। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, পেরুতে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ শিথিল হচ্ছে। এতে খনিজ সম্পদ উত্তোলন সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু স্বর্ণ উত্তোলনে এখনো মন্দাভাব কাটছে না। এ বছরের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত দেশটি ৩০ দশমিক ২ টন স্বর্ণ উত্তোলন করতে সক্ষম হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৩ শতাংশ কম। গত বছর সব মিলিয়ে উত্তোলন করা হয়েছিল ৮৭ দশমিক ৫ টন স্বর্ণ। এদিকে করোনা-পূর্ববর্তী ২০১৯ সালে উত্তোলনের পরিমাণ ছিল ১২৮ টন। দেশটি ২০০৬ সালে রেকর্ড সর্বোচ্চ ১৮৯ টন স্বর্ণ উত্তোলন করেছিল।

মন্ত্রণালয় আরো জানায়, চলতি বছরের প্রথম চার মাসে মোট উত্তোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কোম্পানিয়া মাইনেরা পোডেরোসা। প্রতিষ্ঠানটি এ সময় ২ দশমিক ৮ টন স্বর্ণ উত্তোলন করে। উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৫ দশমিক ৩ শতাংশ। এদিকে দেশটির সবচেয়ে বড় স্বর্ণ উত্তোলক প্রতিষ্ঠান মাইনেরা জানাসোসা। প্রতিষ্ঠানটির স্বর্ণ উত্তোলন ৪২ দশমিক ৭ শতাংশ কমে ২ দশমিক ৬ টনে নেমে গেছে।