আগস্টে মূল্যস্ফীতি পরিস্থিতির অগ্রগতি ঘটবে বলে জার্মান ভোক্তাদের আস্থা জন্ম নিয়েছে। গতকাল প্রকাশিত এক জরিপে দেখা যায়, লোকেরা সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আশাবাদী। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

জরিপের ক্রমবর্ধমান ভোক্তা আস্থা ইঙ্গিত করে যে লোকেরা তাদের আর্থিক পরিস্থিতি ও অর্থনৈতিক সম্ভাবনা ঘিরে আশাবাদী, যা ভোক্তাদের ব্যয় বৃদ্ধির দিকে পরিচালিত করে। জার্মানির সর্ববৃহৎ বাজার গবেষণা সংস্থা জিএফকে প্রায় দুই হাজার লোকের ওপর জরিপ কাজটি পরিচালনা করে। এতে দেখা যায় ভোক্তা আস্থা জুলাইয়ের মাইনাস ২৫ দশমিক ২ পয়েন্ট থেকে আগস্টে মাইনাস ২৪ দশমিক ৪ পয়েন্টে উন্নীত হয়েছে।

গত বছরের অক্টোবরে ভোক্তাদের আস্থা সর্বনিম্ন মাইনাস ৪২ দশমিক ৮ পয়েন্টে পৌঁছেছিল, কারণ পণ্যের দাম বৃদ্ধি ও আসন্ন শীতে ভোক্তারা তাদের ঘর উষ্ণ রাখার খরচ নিয়ে চিন্তিত ছিল। তারপর থেকে সূচকটি জুলাই পর্যন্ত ক্রমাগত বেড়েছে। বেতন সূচক মাইনাস ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। জেএফকের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে উন্নত অবস্থা, যা ইউরোপীয় অর্থনীতিকে ঝাঁকুনি দেয় বলেও উল্লেখ করা হয়। এক্ষেত্রে মূল্যস্ফীতির হার হ্রাসের আশাবাদ বড় প্রভাবক হিসেবে কাজ করেছে বলে উল্লেখ করেন জেএফকের বিশেষজ্ঞ রলফ বুয়ারক্ল। 

যদিও জুনে মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ শতাংশের বেশি ছিল। এদিকে জার্মান অর্থনীতি চলতি বছরের প্রথম তিন মাসে তার টানা দ্বিতীয় প্রান্তিকে নেতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করেছে, যা মূলত মন্দার দিকেই ঠেলে দেয়। তাছাড়া ভবিষ্যতের জন্য বর্তমান আউটলুকটি অনিশ্চিত বা অস্পষ্ট। ভোক্তা আস্থা আগামী মাসগুলোয় নাও বাড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, সামগ্রিক ভোক্তা আস্থা আগামী মাসগুলোয় কম থাকতে পারে। তাছাড়া ব্যক্তিগত খরচ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে না।