বাংলাদেশসহ আন্তর্জাতিক বাজারে জীবন রক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়াবে। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এসকেএফ দীর্ঘদিন ধরে ডেনমার্কভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভায়াল ও পেনফিল—উভয় ফরম্যাটে ইনসুলিন উৎপাদন করে আসছে। এর মাধ্যমে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মানসম্মত ইনসুলিন প্রাপ্তি নিশ্চিত করতে সহায়তা করছে প্রতিষ্ঠানটি। ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে বর্তমানে এসকেএফ তৃতীয় ইনসুলিন ভায়াল উৎপাদন লাইন স্থাপন করছে। এর ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা দেশ ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক হবে।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এসকেএফকে দেয়া ব্র্যাক ব্যাংকের অর্থায়ন সুবিধা বাংলাদেশের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদন খাতে কৌশলগত বিনিয়োগে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশে ইনসুলিনের উৎপাদন বাড়ানো মানে মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা তৈরি করা। এসকেএফের উৎপাদন বৃদ্ধিতে অর্থায়ন করার মাধ্যমে আমরা যেমন দেশের স্বাস্থ্য খাতকে আরো সমৃদ্ধ ও স্বাবলম্বী করে তুলছি, ঠিক তেমনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করছি।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ব্র্যাক ব্যাংকের হোলসেল ব্যাংকিং পোর্টফোলিও তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন উৎপাদন শিল্পে বিস্তৃত। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং দেশের শিল্প খাতের প্রবৃদ্ধিতে সহায়ক প্রকল্পগুলোতে ব্যাংকটি অর্থায়ন সুবিধা বাড়িয়ে চলেছে।










