পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই ফরমুলেশনস লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় ৩ দশমিক ৩১ শতাংশ কমেছে। একই সঙ্গে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৯৭ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৫৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৫ টাকা ৮৮ পয়সা। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর। 

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা করেছিল এসিআই ফরমুলেশনসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ১৪ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৫২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৫ টাকা ৮৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৩ টাকা ৫৯ পয়সা। 

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসিআই ফরমুলেশনস। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এছাড়া ২০১৬-১৭ থেকে ২০১৮-১৯ হিসাব বছর পর্যন্ত তিন বছর ৩৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা। ডিএসইতে গত বৃহস্পতিবার এসিআই ফরমুলেশনসের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৫৫ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ১৫৫-১৭২ টাকার মধ্যে ওঠানামা করেছে।