বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে সমাবর্তনের আয়োজন করা হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। এতে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফ্রাঙ্কো গান্ডোলিফ।
সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান ও বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত থাকবেন। ভ্যালিডেকটোরিয়ান বক্তব্য প্রদান করবেন সাংবাদিকতা বিভাগের গ্র্যাজুয়েট মো. মেহরাবুল হক।
এবারের সমাবর্তনে ৬ হাজার ২৮৪ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১২ জন গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর, চেয়ারম্যান ও উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘স্বর্ণপদক’ প্রদান করবেন। —বিজ্ঞপ্তি










