সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভ্রমণ খাতের আকার চলতি বছর শেষে প্রায় ৫ হাজার কোটি ডলারে দাঁড়াবে। এ খাতে নিযুক্ত কর্মীর সংখ্যা দাঁড়াবে ৭ লাখ ৫৮ হাজার। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) ২০২৩ ইকোনমিক ইমপ্যাক্ট রিসার্চে এ তথ্য উঠে এসেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

ডব্লিউটিটিসির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ভ্রমণ ও পর্যটন খাতে প্রায় সাত হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে এ খাতের মোট কর্মীর সংখ্যা দাঁড়াতে পারে ৭ লাখ ৫৮ হাজার, যা মহামারীপূর্ব ৭ লাখ ৪৫ হাজার ১০০ কর্মীর রেকর্ড ভেঙে দেবে। ইউএইর অর্থনীতিতে ভ্রমণ ও পর্যটন খাতের অবদান থাকতে পারে ১৮ হাজার ৬০ কোটি দিরহাম বা ৪ হাজার ৯০০ কোটি ডলার, যা ২০১৯ সালে দেখা সর্বোচ্চ ১৮ হাজার ৩৪০ কোটি আরব আমিরাত দিরহামের কাছাকাছি। সংখ্যাটা এখন মহামারীপূর্ব অবস্থার তুলনায় মাত্র ১ দশমিক ৫ শতাংশ পিছিয়ে। চলতি বছরে ইউএইর অর্থনীতিতে ভ্রমণ খাতের অবদান থাকতে পারে ১০ শতাংশ।

গত বছর জিডিপিতে ভ্রমণ ও পর্যটন খাতের অংশগ্রহণ ৬০ শতাংশের বেশি বেড়ে ১৬ হাজার ৭০০ কোটি দিরহাম হয়েছে। এর মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে ৯ শতাংশ ভূমিকা রেখেছে খাতটি। গত বছর এ খাতে ৮৯ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতে বিদেশী পর্যটকদের আনাগোনা বেড়েছে। এর মধ্যে ভারতীয় ১৩, ওমানের ৮, সৌদি আরবের ৮ ও যুক্তরাজ্যের ৭ শতাংশ। ডব্লিউটিটিসির উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে বিদেশী পর্যটকরা ইউএইর অর্থনীতিতে ১১ হাজার ৭৬০ কোটি দিরহাম অবদান রেখেছে। বছরওয়ারি হিসাবে এখানে প্রবৃদ্ধি দেখা দিয়েছে ৬৫ দশমিক ৩ শতাংশ, যা ২০১৯ সালের মাত্রা থেকে ১৯ শতাংশ পিছিয়ে।

২০২২ সালে স্থানীয় পর্যটকদের ব্যয় বছরওয়ারি বেড়েছে ৩৫ দশমিক ৭ শতাংশ। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ও সফল বিমানবন্দরের অবস্থান। দুবাই ইন্টারন্যাশনাল মূলত মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। ডব্লিউটিটিসির প্রেসিডেন্ট ও সিইও জুলিয়া সিম্পসন বলেন, ‘‌জাতীয় ভ্রমণ ও পর্যটন খাত এখন পুনরুদ্ধার হচ্ছে দ্রুতগতিতে। তার মানে দাঁড়ায় আন্তর্জাতিক সফরকারীদের কাছে সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয়তা বাড়ছে।’

তিনি যোগ করেন, এ খাতের ভবিষ্যৎ খুবই ইতিবাচক দেখা যাচ্ছে। বছরের শেষ নাগাদ এ খাতের অবদান ২০১৯ সালের সমপরিমাণে দাঁড়াবে। আগামী দশকে এ প্রবৃদ্ধি জাতীয় জিডিপি ছাড়িয়ে যাবে এবং আরো নতুন ১ লাখ ১৪ হাজার চাকরির ক্ষেত্র তৈরি হবে।