ইউরোপ ও এশিয়ার প্রধান গন্তব্যগুলোয় ফ্লাইট চালু করতে চায় ফ্লাইদুবাই এয়ারলাইনস। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় স্বল্প ব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি আগামী বছর কার্যক্রম বিস্তৃত করার এ পরিকল্পনা হাতে নিয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, ফ্লাইদুবাইয়ের পরিকল্পনায় থাকা নতুন গন্তব্যগুলোর মধ্যে ইতালির মিলান ও ক্যাগলিয়ারির পাশাপাশি গ্রিসের করফুর মতো ইউরোপীয় শহর অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া থাইল্যান্ডের পাতায়া ও ক্রাবির মতো এশীয় পর্যটকদের পছন্দের শহরগুলোয় ফ্লাইট চালু করতে চায় এয়ারলাইনসটি। স্বল্প ব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি ২৪ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থিত আল হোফুফ শহরে পুনরায় ফ্লাইট চালু করবে।

ছয়টি নতুন রুটের সূচনার মাধ্যমে ফ্লাইদুবাইয়ের নেটওয়ার্ক ৫৩টি দেশের মোট ১১৩টি গন্তব্যে উন্নীত হবে। ২০০৮ সালে চালু হওয়ার পর থেকে এয়ারলাইনসটি কার্যক্রম বিস্তৃত করতে আগ্রাসী পরিকল্পনা হাতে নিয়েছে। নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সংস্থাটির প্রধান নির্বাহী গাইথ আল গাইথ বলেন, দুবাইয়ের এভিয়েশন শিল্প দ্রুত পুনরুদ্ধার হচ্ছে। শক্তিশালী ব্যবসায়িক মডেলের সঙ্গে তত্পরতা আমাদের কার্যক্রম বৃদ্ধি করতে এবং উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করতে সক্ষম করেছে। গ্রাহক এখনই ১১৩টি গন্তব্যে ফ্লাইট বুক করতে পারবেন। ক্রমবর্ধমান নেটওয়ার্কজুড়ে ভ্রমণের সুযোগ দেয়ার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।

চলতি বছরের শুরু থেকে ফ্লাইদুবাই ইতালির পিসা ও কাতানিয়া, কিরগিজস্তানের ওশের পাশাপাশি উজবেকিস্তানের সমরখ ও নামানগানসহ ২০টিরও বেশি গন্তব্যে নতুন ফ্লাইট শুরু করেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সংস্থাটির পরিবহন করা যাত্রীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১১৪ শতাংশ বেড়েছে। জানুয়ারি-মার্চ সময়ে সংস্থাটি ১৯ হাজার ফ্লাইট পরিচালনা এবং ২৩ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে।

এয়ারলাইনসটি সৌদি গ্রাউন্ড সার্ভিসেস কোম্পানির (এসজিএস) সঙ্গে পাঁচ বছর মেয়াদি পরিষেবা পরিচালনার চুক্তি স্বাক্ষর করেছে। ১০ কোটি আমিরাতি দিরহামে (২ কোটি ৭২ লাখ ডলার) এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ফ্লাইদুবাইয়ের কার্যক্রম থাকা সৌদির ১১টি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা সরবরাহ করবে এসজিএস।