দেশের প্রথম একমাত্র হাসপাতাল হিসেবে ১০০ তম বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) বা অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পন্ন করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা। সোমবার( ১১মার্চ)  এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে এ বিষয়টি ঘোষণা করে হাসপাতালটি।

এভারকেয়ার হাসপাতালের হেমাটোলজি ও স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের কোঅরডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, এখন পর্যন্ত আমরা ১০৩টি বিএমটি সফলতার সঙ্গে সম্পন্ন করেছি। এর মধ্যে অ্যালোজেনিক ৩৯টি, অটোলোগাস ৬৪টি এবং হাপলো বিএমটি ১২টি। এছাড়া চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালও তিনটি বিএমটি সম্পন্ন করেছে।

গত আট বছরেই তারা এ বিএমটিগুলো সম্পন্ন করেছে। এমনকি কোভিড-১৯ মহামারির দুই বছরে ৩৩টি বিএমটি সফলভাবে করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

এভারকেয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা. আরিফ মাহমুদ বলেন, বিএমটির জন্য বাংলাদেশী রোগীদের আগে বাইরে যাওয়া লাগতো, এখন দেশে বসেই পাচ্ছে। আমাদের বিএমটি চিকিৎসায় সাফল্যের হার উন্নত দেশের মতোই। একটি সম্পূর্ণ লিউকোমিয়া ইউনিট, বিএমটি ইউনিট ও সুচিকিৎসা পরিকল্পনা ক্যান্সার আক্রান্ত রোগীদের সহযোগিতা করতে আমাদের উদ্বুদ্ধ করবে।