উচ্চ আদালতের আদেশে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) দ্বিতীয় দফায় স্থগিত করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ব্যাংকটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ব্যাংকটির এজিএম স্থগিত থাকবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাববছরের জন্য গত ১৭ আগস্ট এজিএম করার কথা ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু ২৬ জুলাই অনিবার্য কারণবশত এজিএম স্থগিত করার কথা জানায়। নতুন করে আজ বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচ্য এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে ন্যাশনাল ব্যাংকের সমন্বিত লোকসান হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে হিসাবে তিন প্রান্তিকে ব্যাংকটির লোকসান বেড়েছে ৩ দশমিক ১৪ গুণ। আর আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫৭ পয়সা। 

গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৩৯ পয়সায়। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১০ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ১২ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকায়। 

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ন্যাশনাল ব্যাংক। আলোচ্য হিসাব বছরে এনবিএলের সমন্বিত ইপিএস ছিল ১২ পয়সা, আগের বছরে যা ছিল ১ টাকা ১২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটি সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ১৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৯১ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ন্যাশনাল ব্যাংক। ২০১৯ হিসাব বছরে মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডরা। 

১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৩ হাজার ২১৯ কোটি ৭৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৭২ কোটি ৫৬ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭০। এর মধ্যে ২৮ দশমিক ৪৭ শতাংশ রয়েছে এর উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ৩২ দশমিক ১৩ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৮৯ শতাংশ বিদেশী ও বাকি ৩৮ দশমিক ৫১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ডিএসইতে গত এক বছরে ব্যাংকটির শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৮ টাকা ৩০ পয়সা।