নভেল করোনাভাইরাস মহামারীর মাঝেও কাজুবাদাম রফতানিতে প্রবৃদ্ধির দেখা মিলেছে ভিয়েতনামে। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশটি থেকে পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশের বেশি বেড়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে দাম তুলনামূলক কম থাকায় এ সময় কাজুবাদাম রফতানি করে ভিয়েতনামের আয় আগের তুলনায় কমেছে। দেশটির মিনিস্ট্রি অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও সিনহুয়া।
দেশটির সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৮৬ হাজার টন কাজুবাদাম রফতানি হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটি থেকে পণ্যটির রফতানি বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কাজুবাদাম রফতানি করে ভিয়েতনামিজ রফতানিকারকদের আয় দাঁড়িয়েছে ৬০ কোটি ৯০ লাখ ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কম।
মূলত নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে আন্তর্জাতিক বাজারে দাম তুলনামূলক কম থাকায় বছরের প্রথম তিন মাসে কাজুবাদাম রফতানি করে ভিয়েতনামের আয় কমেছে। মহামারীর ধাক্কার পরও চলতি বছর সব মিলিয়ে ৪০০ কোটি ডলারের কাজুবাদাম রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।










