বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক কোম্পানি সৌদি আরবের সৌদি আরামকো জাপানের একটি স্টার্টআপ আইটি কোম্পানিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে। নতুন প্রযুক্তি খোঁজার উদ্দেশ্যে ড্রোনের সফটওয়্যার প্রস্তুতকারক ওই প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে সৌদির পেট্রোলিয়াম ও গ্যাসভিত্তিক বৃহৎ কোম্পানি আরামকো। জাপানের টোকিওভিত্তিক টেরা ড্রোন করপোরেশনে ১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি। যেটি ড্রোন পর্যবেক্ষণ, পাইপ মনিটরিং, ট্যাংক ও অন্যান্য সীমাবদ্ধ এলাকা পরিদর্শনের সফটওয়্যার ডিজাইন করতে সাহায্য করে। এটি পূর্ব এশিয়ার দেশটিতে ২০ কোটি ডলার ফান্ডের প্রথম বিনিয়োগ। ওয়ায়েদ ভেঞ্চারস মূলত প্রযুক্তিকে টার্গেট করেছে, তাদের বিশ্বাস এর মাধ্যমে সৌদি আরবে নতুন ব্যবসা সম্ভব। যেটি তেলের বাইরে নতুন রাজস্ব আয়ের খাত হিসেবে গড়ে উঠবে। টেরা ড্রোনে এ বিনিয়োগের মাধ্যমে বাজি ধরেছে আরামকো। কোম্পানিটি চাইছে এর মাধ্যমে সৌদি আরবে স্থানীয় পর্যায়ে প্রযুক্তিগত উন্নয়ন হবে। পাশাপাশি দেশটিকে উন্নত প্রযুক্তির স্থানীয় কেন্দ্রে পরিণত করার যে স্বপ্ন দেখেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, সেটি বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।