জানুয়ারিতে ভারতের পরিশোধিত ইস্পাত রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৫৬ শতাংশ বেড়েছে। স্থানীয় বাজারে শিল্প ধাতুটির নিম্নমুখী ব্যবহার রফতানি বাড়াতে সহায়তা করেছে। ইস্পাতবিষয়ক মন্ত্রণালয়ের জয়েন্ট প্লান্ট কমিটি (জেপিসি) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে ভারত ৮ লাখ ১৪ হাজার টন পরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে। ডিসেম্বরের তুলনায় রফতানি বেড়েছে ২ শতাংশ। এপ্রিল-জানুয়ারি পর্যন্ত রফতানি ২৬ শতাংশ বেড়েছে। এ ১০ মাসে রফতানি করা হয় ১ কোটি ১১ লাখ টন।

সংশ্লিষ্টরা জানান, কভিড-১৯ ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে আবার বিধিনিষেধ আরোপ করা হলে ভারতে ইস্পাতের ব্যবহার কমে যায়। জানুয়ারিতে শিল্প ধাতুটির ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬ লাখ ৫০ হাজার টনে। এক বছরের ব্যবধানে ব্যবহার কমেছে ৫ দশমিক ১ শতাংশ।

জানুয়ারিতে ভারতীয় ইস্পাতের শীর্ষ ক্রেতা ছিল সংযুক্ত আরব আমিরাত। দেশটি ভারত থেকে ৮১ হাজার টন পরিশোধিত ইস্পাত আমদানি করে। ভিয়েতনাম আমদানি করেছে ৬১ হাজার টন। এছাড়া নেপাল ভারত থেকে ৫৩ হাজার টন ইস্পাত আমদানি করেছে।

এদিকে ব্যবহার কমে যাওয়ায় আমদানি কমিয়েছে ভারত। জানুয়ারিতে দেশটির পরিশোধিত ইস্পাত আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি।