দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনও সামান্য কমেছে। এদিন জীবন বীমা, টেলিযোগাযোগ ও আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর ৫ মিনিট পর থেকেই নিম্নমুখী ছিল সূচক। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ৬২ শতাংশ কমে ৪ হাজার ৯৩২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৯৬৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে দশমিক ৬২ পয়েন্ট কমে ১ হাজার ৮৯১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯০৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন দশমিক ৬২ পয়েন্ট কমে ১ হাজার ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৪ পয়েন্ট।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ার।
ডিএসইতে গতকাল ৪৫৭ কোটি ৫০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকা।
গতকাল ডিএসইতে তিনটি খাত বাদে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে জীবন বীমা খাতে। এছাড়া টেলিযোগাযোগ খাতে ১ দশমিক ৯ ও আর্থিক প্রতিষ্ঠান খাতে ১ দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।










