আগস্টের তুলনায় সেপ্টেম্বরে চীন বেশি তামা আমদানি করেছে বলে দেশটির সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে। মহামারীর স্থবিরতা কাটিয়ে কারখানাগুলোতে কর্মকাণ্ড শুরু হওয়ায় নরম এ ধাতুর চাহিদাও বাড়ছে। খবর রয়টার্স।

চীনের শুল্ক বিভাগ জানায়, গত মাসে ৭ লাখ ২২ হাজার ৪৫০ টন কাঁচা তামা ও তামার পণ্য আমদানি করেছে চীন, যা মাসিক রেকর্ডের খুব কাছাকাছি। গত জুলাইয়ে ৭ লাখ ৬২ হাজার ২১০ টন তামা আমদানি করেছিল দেশটি।

সেপ্টেম্বরে আগস্টের চেয়ে ৮ দশমিক ১ শতাংশ বেশি তামা এনেছে চীন। এছাড়া ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশটি তামা আমদানি করেছিল এর অনেক কম, ৪ লাখ ৪৫ হাজার টন।

তামা ও অ্যালুমিনিয়ামে বিশ্বের সর্ববৃহৎ ভোক্তা দেশ চীন এছাড়া অ্যানোড, পরিশোধিত, সংকর ও আধা পরিশোধিত তামাও আমদানি করে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু হয়ছিল চীনে, যদিও খুব দ্রুতই তারা এ থেকে ঘুরে দাঁড়ায়। মহামারীর ধাক্কা সামলে ওঠার পর দেশটির কলকারখানা যখন খুলতে শুরু করে তখন তাদের তামাসহ বিপুল পরিমাণ ধাতব পণ্যের প্রয়োজন পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য তামা। জুন ও জুলাইয়ে তামা আমদানিতে রেকর্ড গড়ার পর সেপ্টেম্বরেও আমদানি সাত লাখ টন ছাড়িয়ে যায়। ধাতু ও ধাতব পণ্য আমদানিতে বিশ্বে শীর্ষে চীন।

শুল্ক বিভাগ জানায়, ২০২০ সালের প্রথম নয় মাসে আমদানি আগের বছরের তুলনায় ৪১ শতাংশ কমেছে। এ নয় মাসে মোট ৪৯ লাখ ৯০ হাজার টন তামা আমদানি করে চীন। সেপ্টেম্বরে ২১ লাখ ৪০ হাজার টন জমাটকৃত কিংবা আংশিকভাবে প্রক্রিয়াজাতকৃত তামা চীনে এসেছে, যা ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এটা ২০২০ সালের আগস্ট ও ২০১৯ সালের সেপ্টেম্বরের চেয়ে এক-তৃতীয়াংশ বেশি।