অস্ট্রেলিয়ায় খাবার সরবরাহ পরিষেবা বন্ধ করেছে ডেলিভারু। গতকাল যুক্তরাজ্যভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান দেশটিতে সাত বছর ধরে চলা কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। কঠোর প্রতিযোগিতার বিষয়টি উল্লেখ করে এ পদক্ষেপ নিয়েছে ডেলিভারু। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
এর তিন মাস আগেই নেদারল্যান্ডস থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিল ডেলিভারু। গত বছর সংস্থাটি স্পেনের ব্যবসায়িক কার্যক্রমও বন্ধ করে দেয়। অস্ট্রেলিয়ায় ডেলিভারুর ১৪ হাজার খাবার সরবরাহকারী কর্মী রয়েছেন।
কভিডজনিত বিধিনিষেধের মধ্যে ডেলিভারু ব্যাপক চাহিদা উপভোগ করেছিল। তবে বিধিনিষেধ শিথিলের পর সে চাহিদা এখন নিম্নমুখী হয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চারটি বৈশ্বিক প্রতিষ্ঠানে উপস্থিতি বাজারটিকে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ করে তুলেছে। ডেলিভারু স্থানীয়ভাবে শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারছে না।










