উচ্চজ্বালানি মূল্য ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদায় ভর করে গত বছর রেকর্ড মুনাফা করেছে শেল। বৃহস্পতিবার প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে শেল জানায়, ২০২২ সালে তাদের মুনাফা হয়েছে ৪ হাজার ২৩০ কোটি ডলার। ২০২১ সালের তুলনায় যা দ্বিগুণ বেড়েছে। খবর নিউইয়র্ক টাইমস।

আয়-ব্যয়ের উপাত্তে শেল জানায়, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে তাদের মুনাফা হয়েছে ৯৮০ কোটি ডলার। ২০২১ সালের একই প্রান্তিকের তুলনায় যা ৫৪ শতাংশ বেড়েছে। তিন মাসের মধ্যে ৪০০ কোটি ডলারের শেয়ার বাইব্যাক কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা।

চতুর্থ প্রান্তিকে কোম্পানিটির এলএনজি বিক্রির পরিমাণ ছিল ১ কোটি ৬৮ লাখ ২০ হাজার টন, যা আগের প্রান্তিকে ছিল ১ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টন।

অন্যান্য জ্বালানি জায়ান্টের মতো শেলের আয়ও ঊর্ধ্বমুখী। ইউক্রেন যুদ্ধের কারণে তেল ও গ্যাসের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গত বুধবার প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে এক্সনমবিল জানায়, ২০২২ সালে তাদের মুনাফা হয়েছে ৫ হাজার ৬০০ কোটি ডলার।

শেলের সিইও ওয়ায়েল সাওয়ান বলেন, ‘‌কারখানার সর্বশেষ পরিসংখ্যান"শেলের বৈচিত্র্যময় পোর্টফোলিওর সক্ষমতা প্রকাশ করে। পাশাপাশি এটি অর্থনৈতিকভাবে অস্থিতিশীল বিশ্বে গ্রাহকদের জ্বালানি সরবরাহে আমাদের শক্তিমত্তাও প্রদর্শন করে।’ প্রতিষ্ঠানটির আয়ের হিসাব অনুযায়ী, গত বছর প্রতিষ্ঠানটি ২০০৮ সালের আয়ের রেকর্ড অতিক্রম করেছে।