দ্বিতীয় প্রান্তিকে ভারতের শিল্প উৎপাদন বেড়েছে। কারণ হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ার কথা উল্লেখ করেছেন অর্থনীতিবিদরা। পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) আগস্টে দাঁড়ায় ৫৮ দশমিক ৬ পয়েন্টে, যা গত তিন মাসে সর্বোচ্চ। জুলাইয়ে পিএমআই ছিল ৫৭ দশমিক ৭ পয়েন্ট। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

আগস্টসহ ২৬ মাস ধরে পিএমআই সূচক ৫০ পয়েন্টের ওপরে আছে। পিএমআই ৫০-এর বেশি থাকলে শিল্পোৎপাদন কার্যক্রমে সম্প্রসারণ ও নিচে থাকলে সংকোচন বোঝানো হয়। সমীক্ষাটি পরিচালনা করেছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল। তারা জানায়, ভারত শিল্পোৎপাদন খাতে শক্তিশালী উন্নয়ন দেখিয়েছে। গত তিন বছরের তুলনায় চলতি বছরের আগস্টে নতুন ক্রয়াদেশ ও উৎপাদনের পরিমাণ বেড়েছে। ক্রমবর্ধমান চাহিদা সামলানোর জন্য ফার্মগুলো ক্রয়ের পরিমাণ ও বিনিয়োগ বাড়িয়েছে। 

চাহিদার সঙ্গে প্রতিযোগিতামূলক মূল্য ও বিজ্ঞাপন আগস্টের কর্মক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ ছিল। নতুন অর্ডারগুলো ২০২১ সালের জানুয়ারি থেকে এ খাতে দ্রুততম উত্থানের পেছনে সহায়ক হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক বিক্রিও প্রবৃদ্ধির পেছনে কাজ করছে। প্যানেলের সদস্যরা জানায় তারা বাংলাদেশ, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লায়েন্টদের কাছ থেকে নতুন অর্ডার পেয়েছেন।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের অর্থনীতির সহযোগী পরিচালক পলিয়ানা ডি লিমা বলেন, ‘‌পিএমআইয়ের মান আগস্টে ভারতীয় শিল্পোৎপাদনের বাস্তব চিত্র তুলে ধরেছে। নতুন ক্রয়াদেশসংখ্যা ও শিল্পোৎপাদনের সম্প্রসারণ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করেছে।’