এশিয়ায় আগামী এপ্রিলের সরবরাহ বাজারের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। অবশ্য ভারতে স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক দেশটি। উত্তর এশিয়ার অন্তত চারটি দেশে অপরিশোধিত জ্বালানি তেলের চালান ১৫ শতাংশ কমিয়েছে বলে নিশ্চিত করেছে বেশ কয়েকটি সূত্র। খবর রয়টার্স।

ওপেক ও ওপেক প্লাসভুক্ত দেশগুলো চলতি মাসের শুরুতে এক ঘোষণায় এপ্রিলের সরবরাহ বাজারে জ্বালানি তেল সরবরাহ কমানোর ঘোষণা দিয়েছিল। এর মধ্যেই এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের চালান কমানোর ঘোষণা দিল সৌদি আরব।

টানা তিন মাসের মতো এপ্রিলেও দৈনিক জ্বালানি তেল উত্তোলন ১০ লাখ ব্যারেল কমাবে মধ্যপ্রাচ্যের বৃহত্তম অর্থনীতিটি।

কয়েকটি সূত্র বলছে, চীনের শোধনাগারগুলোতে সরবরাহ কিঞ্চিৎ কমিয়েছে সৌদি। তবে জাপানে সরবরাহ কমেছে ১০-১৫ শতাংশ।

এদিকে এপ্রিলে ভারতের শোধনাগারগুলো সরবরাহ বৃদ্ধির আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছে সৌদি। অবশ্য স্বাভাবিক সরবরাহ বহাল রেখেছে তারা।