ইউরোপের বাজারে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যবহার দ্রুত বাড়ছে। আগস্টে ইউরোপের গুরুত্বপূর্ণ ১৬টি বাজারে নতুন নিবন্ধিত গাড়ির ৩০ শতাংশের বেশি ছিল ইভি। গত মাসে এসব বাজারে মোট ২ লাখ ২ হাজার ৮৩৩টি ব্যাটারিচালিত ইভি বা বিইভি নিবন্ধিত হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় নিবন্ধন বেড়েছে ৫৪ দশমিক ২ শতাংশ। খবর আনাদোলু।

ই-মোবিলিটি ইউরোপ ও পরিবহনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিউ অটোমোটিভের মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আগস্টে সংশ্লিষ্ট ১৬ দেশে নতুন গাড়ি নিবন্ধনের ৩০ দশমিক ৫ শতাংশ ছিল ইভি। পুরো ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) এ হার আনুমানিক ৩১ দশমিক ২ শতাংশ।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইউরোপের এসব বাজারে ১৬ লাখ ৭০ হাজার ইভি নিবন্ধন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা বেড়েছে ৩৩ দশমিক ১ শতাংশ। আট মাসে নতুন গাড়ি নিবন্ধনে বিইভির হিস্যা দাঁড়িয়েছে ২২ দশমিক ৫ শতাংশে।

ইউরোপের বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে বড় প্রবৃদ্ধি দেখা গেছে জার্মানি ও ফ্রান্সে। আগস্টে ৩৬ হাজার ১৫৯টি পূর্ণ ইভি নিবন্ধিত হয়েছে ফ্রান্সে। দেশটির নতুন গাড়ির বাজারে এসব গাড়ির হিস্যা ছিল ৩৮ দশমিক ৩ শতাংশ। এক বছরের ব্যবধানে নিবন্ধন বেড়েছে ৭২ দশমিক ২ শতাংশ।

জার্মানিতে আগস্টে বিইভি নিবন্ধন হয়েছে ৬৮ হাজার ৯৮০টি। দেশটির নতুন গাড়ির বাজারে বৈদ্যুতিক গাড়ির হিস্যা ছিল ৩২ দশমিক ৫ শতাংশ। এক বছরের তুলনায় নিবন্ধন বেড়েছে ৩৪ দশমিক ৫ শতাংশ।

কিছু ইউরোপীয় দেশে ইভির ব্যবহার আরো বেশি। আগস্টে নরওয়ের নতুন গাড়ি নিবন্ধনের ৯৮ দশমিক ৭ শতাংশই ছিল বিইভি। ডেনমার্কে এ হার ৮৫ দশমিক ৯ শতাংশ। ফিনল্যান্ডে ৫২ দশমিক ৩ শতাংশ ও নেদারল্যান্ডসে ৪৮ দশমিক ৯ শতাংশ।

এছাড়া বেলজিয়ামে নতুন গাড়ির ৪৬ দশমিক ২ শতাংশ এবং পর্তুগালে ৩৬ দশমিক ১ শতাংশ ছিল বিদ্যুচ্চালিত গাড়ি।