২০২২ সালে জাপানের কৃষি, মৎস্য ও বনজ সম্পদ রফতানি হয়েছে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন বা ১ হাজার ৯০ কোটি ডলার। এ নিয়ে টানা ১০ বছর জাপানের কৃষি, মৎস্য ও বনজ পণ্য রফতানির রেকর্ড হয়েছে। শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে।
জাপানভিত্তিক কিয়োদো এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার ২০২৫ সালের মধ্যে কৃষি ও মৎস্য সম্পদ রফতানি ২ ট্রিলিয়ন ইয়েনে নিয়ে যেতে চায়। ২০৩০ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন ইয়েনে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে তার সরকার।
২০২২ সালে সব ধরনের কৃষি, মৎস্য ও বনজ সম্পদ রফতানি বেড়েছে। গত বছর কৃষিজাত পণ্য রফতানি হয়েছে ৮৮ হাজার ৭০০ কোটি ইয়েন, মৎস্য সম্পদ ৩৮ হাজার ৭৩০ কোটি ইয়েন। এছাড়া বনজ সম্পদ রফতানি হয়েছে ৬ হাজার ৩৮০ কোটি ইয়েন।










