হ্যাক সিকিউরিটিজের ৫২ শতাংশ শেয়ার কিনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) মাধ্যমে রোববার এসব শেয়ার প্রভাতি ইন্স্যুরেন্সের নামে স্থানান্তর হয়। এর  আগে ১ মার্চ দুই কোম্পানির মধ্যে শেয়ার ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১ টাকা ৩৩ পয়সা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে ৬৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৩৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৫৭ পয়সায়। 

প্রভাতী ইন্স্যুরেন্স সর্বশেষ ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। 

২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১৬ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১০ পয়সা।

২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৮ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। আগের হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৬ হিসাব বছরে ৬ শতাংশ নগদের পাশাপাশি ৬ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০০৯ সালে শেয়ারবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১২৫ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৩ কোটি ৫ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩ লাখ ১২ হাজার ২৩৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৭৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৫ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫৮ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫৮ টাকা ৯০ পয়সা ও ৭১ টাকা।