সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এভিন্স টেক্সটাইলস লিমিটেড। সম্প্রতি এ-সংশ্লিষ্ট স্কিমে অনুমোদন দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। গতকাল এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটি।

এভিন্স গ্রুপের তৈরি পোশাক কারখানা হলো এভিটেক্স ফ্যাশনস। সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটিকে একীভূতকরণের বিষয়ে ২০২১ সালের ২৩ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়। এর আগে এ-সংক্রান্ত খসড়া স্কিমে অনুমোদন দেয় এভিন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ। শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পর হাইকোর্ট ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ একীভূতকরণ প্রক্রিয়া কার্যকর করার কথা জানানো হয় তখন। এরই মধ্যে হাইকোর্টের অনুমোদন পেয়েছে কোম্পানিটি। এখন হাইকোর্টের চূড়ান্ত অনুমোদন ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ একীভূতকরণ সম্পন্ন করা হবে।

তথ্য অনুসারে, অধিগ্রহণের ফলে এভিটেক্স ফ্যাশনসের সব সম্পদ ও দায় তালিকাভুক্ত কোম্পানি এভিন্স টেক্সটাইলের অধীনে চলে যাবে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্যানুসারে, গাজীপুরের ভবানীপুরের শিরিরচালায় অবস্থিত এভিটেক্স ফ্যাশনস ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। মূলত কোম্পানিটি শার্ট রফতানি করে। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ১ লাখ ৮২ হাজার ডজন।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১৯ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৫ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এভিন্স টেক্সটাইলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল দশমিক শূন্য ১ পয়সা।