মিডল্যান্ড ব্যাংক পিএলসি সম্প্রতি কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লি. এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকের গ্রাহক, কার্ডহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীলদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সুবিধা দেয়া হবে।
মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ এবং নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন। এসব সেবার মধ্যে রয়েছে ডায়াগনস্টিক টেস্ট, মলিকুলার টেস্ট, রেডিওলজি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, ওয়েলনেস ট্রিটমেন্ট এবং অন্যান্য চিকিৎসাসেবা।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন। এছাড়া কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের পক্ষে কনকর্ড হেলথকেয়ার গ্রুপ এবং নোয়াপাড়া গ্রুপের পরিচালক ফাইয়াজ ইবনে রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।— সংবাদ বিজ্ঞপ্তি










