সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব। সম্প্রতি ব্যাংকের ৪৯তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেয়া হয়। সিটিজেনস ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

চৌধুরী মোহাম্মদ হানিফ দেশের টেক্সটাইল ও রিয়েল এস্টেট খাতের ব্যবসার সঙ্গে তিন দশকের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন। তিনি শিল্পগোষ্ঠী সালমা গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। উদ্যোক্তা হিসেবে গ্রুপটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে তার নেতৃত্বমূলক ভূমিকা রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

চৌধুরী মোহাম্মদ হানিফ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সালমা গ্রুপের অলাভজনক উদ্যোগ ‘দবির সোহানি সুরাইয়া ফাউন্ডেশন’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন শ্রেণীর অসহায় মানুষের কল্যাণে কাজ করছে।