যুক্তরাষ্ট্র চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তামা আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে। এ কারণে তিন মাসের সরবরাহ চুক্তিতে ধাতব পণ্যটির মূল্য সংক্রান্ত পূর্বাভাস সংশোধন করেছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপ। খবর মাইনিং উইকলি ও রয়টার্স।

প্রতিষ্ঠানটির গবেষণা শাখা সিটি রিসার্চ বৃহস্পতিবার এক নোটে জানায়, তিন মাসের সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম হতে পারে ৯ হাজার ৫০০ ডলার। এর আগে দেয়া পূর্বাভাসে যা ছিল টনপ্রতি ১০ হাজার ডলার।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন তদন্তের নির্দেশ দেন, যাতে তামা আমদানিতে সম্ভাব্য শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করা হয়। ধাতব পণ্যটি বৈদ্যুতিক যানবাহন, সামরিক সরঞ্জাম, সেমিকন্ডাক্টর খাতে বিশেষ গুরুত্বপূর্ণ।

গত বুধবার ট্রাম্প ঘোষণা করেন, আগামী সপ্তাহ থেকে আমদানীকৃত গাড়ি ও হালকা ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে, যা বৈশ্বিক বাণিজ্যযুদ্ধকে আরো বাড়িয়ে তুলতে পারে।

সিটি গ্রুপের দেয়া পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্র ২৩২ ধারার অধীনে তামা আমদানিতে ২৫ শতাংশ শুল্কের ঘোষণা এপ্রিলের শুরুতে দিতে পারে এবং তা কার্যকর হতে পারে মে মাসে।

প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা বলেন, ‘আমরা এখনো মনে করি, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে তামার দাম গড়ে টনপ্রতি ৮ হাজার ৮০০ ডলারে নেমে আসতে পারে। যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধির প্রভাব ও দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাসের কারণে ধাতব পণ্যটির চাহিদা নিম্নমুখী হতে পারে।

অন্যদিকে গোল্ডম্যান স্যাকস জানায়, লন্ডন মেটাল এক্সচেঞ্জ (এলএমই) আগামী ৩, ৬ ও ১২ মাসে তামার দাম হতে পারে যথাক্রমে টনপ্রতি ৯ হাজার ৬০০, ১০ হাজার ও ১০ হাজার ৭০০ ডলার।

তবে ব্যাংকটি আগামী ২ এপ্রিল কার্যকর হতে যাওয়া শুল্ক নীতির কারণে স্বল্পমেয়াদে তামার মূল্যের নিম্নমুখী ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে।