সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গতকাল পরিচালক আজিজ আল কায়সার চেয়ারম্যান ও হোসেন খালেদ ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

আজিজ আল কায়সার সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি চতুর্থবারের মতো ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার হাত ধরেই ২০০৮ সালে এ ব্যাংকের পুনর্গঠনের কাজ শুরু হয়। আজিজ আল কায়সার বর্তমানে পারটেক্স স্টার গ্রুপের পরিচালক এবং এর বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মালয়েশিয়ায় সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যান হিসেবেও নিয়োজিত আছেন।

অন্যদিকে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হোসেন খালেদ এ ব্যাংকের একজন অন্যতম উদ্যোক্তা পরিচালক। তিনি যুক্তরাষ্ট্রের টলেডো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ের ওপর এমবিএ সম্পন্ন করেন। ২০০০ সালে পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আনোয়ার গ্রুপে যোগ দেন। বর্তমানে তিনি এমডি হিসেবে এ শিল্পগোষ্ঠীকে দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন।

হোসেন খালেদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে চার মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ অন্ট্রাপ্রেনিউর অর্গানাইজেশনের (ইও) প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি সিটি ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান এবং একই সঙ্গে ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক।—বিজ্ঞপ্তি