সাম্প্রতিক সময়ে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। গত চার মাসেরও বেশি সময় ধরেই কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এ বছরের ১৭ এপ্রিল ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৩৫ টাকা ১০ পয়সা। এরপর থেকেই কোম্পানিটির শেয়ার দর ঊর্ধ্বমুখী। মাঝে তিন দফায় কোম্পানিটির শেয়ারদর কিছুটা সংশোদন হয়েছে। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৬৭ টাকা ৮০ পয়সায়। শেয়ারদরের পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-জুন) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩০ পয়সা।