চলতি মৌসুমে ঘুরে দাঁড়াতে পারে ব্রাজিলের ভুট্টা রফতানি। ভয়াবহ খরা ও তুষারপাতের ধাক্কা সামলে কৃষিপণ্যটির উৎপাদন বাড়াতে সক্ষম হবে লাতিন আমেরিকার এ দেশ। ফলে গত মৌসুমের স্থবিরতার অবসান ঘটবে। দেশটির জাতীয় পণ্য সরবরাহ কোম্পানি কোনাব এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
কোম্পানিটির তথ্য বলছে, চলতি মৌসুমে ব্রাজিলের ভুট্টা রফতানি ৩ কোটি ৬৭ লাখ টনে পৌঁছতে পারে, যা কৃষিপণ্যটিকে গত কয়েক বছরের প্রবৃদ্ধির ধারায় নিয়ে যাবে। তবে বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, চলতি মৌসুমে ভুট্টা রফতানিতে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার শক্তিশালী প্রতিযোগিতা তৈরি হতে পারে। কারণ আর্জেন্টিনার ভুট্টা রফতানিতেও প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে চলতি মৌসুমে রেকর্ড উৎপাদনের কারণে রফতানি বাড়লেও দাম কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া জাহাজীকরণ ব্যয়ের ব্যবধানসংক্রান্ত জটিলতায়ও পড়তে পারে দেশটি।
কোনাব জানায়, ২০২১-২২ মৌসুমে ব্রাজিলে ভুট্টা উৎপাদন ১১ কোটি ৭২ লাখ টনে পৌঁছতে পারে। গত মৌসুমের তুলনায় উৎপাদন বাড়বে ৩৪ দশমিক ৬ শতাংশ। প্রাক্কলিত ভুট্টা আবাদি জমির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯ লাখ হেক্টরে। আগের মৌসুমের তুলনায় আবাদি জমির পরিমাণ বাড়বে ৫ দশমিক ১ শতাংশ।
এসব পূর্বাভাস সত্য হলে আগামী বছর হবে ব্রাজিলের জন্য সমৃদ্ধির বছর। পূর্বাভাস বলছে, চলতি বছর ব্রাজিলের ভুট্টা রফতানি কমে এক দশকের সর্বনিম্নে নামতে পারে। চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ব্রাজিল ১ কোটি ৭০ লাখ টন ভুট্টা রফতানি করতে সক্ষম হয়েছে।










