চীনে ফ্ল্যাগশিপ শোরুমটি বন্ধ করে দিয়েছে টেসলা। দ্বিতীয় বৃহত্তম বাজারে খুচরা পর্যায়ে খরচ কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। চীনে টেসলার প্রথম এ শোরুম ২০১৩ সালে চালু এবং ২০১৮ সালে সংস্কার ও সম্প্রসারণ করা হয়।

বেইজিংয়ের ব্যয়বহুল পার্কভিউ গ্রিন শপিং সেন্টারে অবস্থিত শোরুমটি বন্ধ করার বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছে টেসলা। সংস্থাটি জানিয়েছে, শোরুমটি র্যাফেলস সিটি নামের অন্য একটি মলে স্থানান্তর করা হয়েছে। নতুন শোরুমটি অক্টোবরের মাঝামাঝিতে খোলা হয়েছিল। তবে এটি পার্কভিউ গ্রিনের দুই তলাবিশিষ্ট শোরুমের চেয়ে ছোট।

বিষয়টির সঙ্গে যুক্ত দুই ব্যক্তি রয়টার্সকে নিশ্চিত করেছেন, গত সপ্তাহের শেষ দিকে পার্কভিউ গ্রিন শোরুমটি বন্ধ করে দেয়া হয়েছে। শপিং সেন্টারের একজন কর্মীও টেসলার শোরুমটি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে নতুন ভাড়া নেয়া পোশাক ব্র্যান্ড বিএপিই শোরুমটির সামনে নিজেদের পোস্টার টানিয়েছে। শপিং সেন্টারের ওই কর্মী বলেন, টেসলার সঙ্গে করা চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং প্রতিষ্ঠানটি চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

চীনজুড়ে টেসলার দুই শতাধিক আউটলেট রয়েছে। সেগুলোয় সংস্থাটির মডেলগুলো প্রদর্শন এবং সম্ভাব্য ক্রেতাদের জন্য পরীক্ষামূলক ড্রাইভের ব্যবস্থা করা হয়। সেপ্টেম্বরে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, কভিডজনিত বিধিনিষেধে মানুষের পদচারণা কমে যাওয়ায় বেইজিংয়ের মতো শহরে ব্যয়বহুল শপিং মলে থাকা কিছু শোরুম বন্ধের পরিকল্পনা করছে। পাশাপাশি কম ব্যয়বহুল শহরতলির শোরুমগুলোয় আরো জোর দিতে পারে। এমনকি মেরামত সরবরাহের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। কারণ প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী ইলোন মাস্কের লক্ষ্য অনুসারে গ্রাহকদের পরিষেবা উন্নীতকরণে কাজ করছে।

এ উদ্যোগের অংশ হিসেবে চীনে প্রকৌশলী এবং অন্য কর্মী নিয়োগ করছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। সংস্থাটির চীনা কর্মী নিয়োগের ওয়েবসাইটে বুধবার পর্যন্ত ৩০৫ জনের বিজ্ঞপ্তি দেয়া রয়েছে। এ সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় সামান্য পরিবর্তন হয়েছে। দেশটিতে থাকা সংস্থাটির অর্ধেকেরও বেশি স্টোরে মেরামত বা রক্ষণাবেক্ষণ সেবা দেয়া হয় না। পাশাপাশি উচ্চ ভাড়ার স্টোরগুলোয় স্থানও সীমিত।

অন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মতো ডিলারদের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই সব শোরুম পরিচালনা করে টেসলা। সংস্থাটি অনলাইনেও গাড়ি বিক্রি করে। তবে সংস্থাটি এখন খুচরা বিক্রিতে ব্যয় কমিয়ে আনার কৌশল হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে উচ্চ ভাড়ার জায়গাগুলোয় কার্যক্রম সংকুচিত করে শহরতলির মতো জায়গাগুলোয় কার্যক্রম বাড়ানো হচ্ছে। চীনে সংস্থাটি মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ির দাম ৯ শতাংশ কমিয়েছে। বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে চাহিদা কমার লক্ষণের মধ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। যদিও বিশ্বজুড়ে গাড়ির দাম বাড়াচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম নয় মাসে চীনে ৩ লাখ ১৮ হাজার ১৫১ ইউনিট গাড়ি বিক্রি করেছে টেসলা। বিক্রীত গাড়ির এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৫ শতাংশ বেশি। দেশটিতে এ সময়ে সামগ্রিক বিদ্যুচ্চালিত ও হাইব্রিড গাড়ির বিক্রি ১১৩ দশমিক ২ শতাংশ বেড়েছে।