ট্রেডমিল ত্রুটির পর এবার এক্সারসাইজ বাইক নিয়ে সমস্যায় পড়েছে শরীরচর্চাসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেলোটন। বাইক প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি জানুয়ারি ২০১৮ থেকে মে ২০২৩-এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া পণ্যগুলোয় ‘সিট ভেঙে যাওয়ার’ ৩৫টি ঘটনা সামনে এসেছে। এতে অনেক ব্যবহারকারী আহত হয়েছেন। খবর দ্য টেলিগ্রাফ।

পেলোটনের পক্ষ থেকে বলা হচ্ছে, ব্রিটেনের বাইকগুলো প্রত্যাহার করা হচ্ছে না। এর আগে বাইকের প্যাডেল ও ট্রেডমিল প্রত্যাহারের পর সাম্প্রতিক বছরগুলোয় প্রতিষ্ঠানটি এ নিয়ে চতুর্থবারের মতো পণ্যের ত্রুটির বিষয়টি অবহিত করে। ট্রেডমিল ডিভাইসের ওপর পড়ে একজন শিশু মারা যাওয়ার মতো দুর্ঘটনার পর ২০২১ সালে পেলোটন তার হাই-এন্ড ট্রেডমিল ও ট্রেড প্লাসের বিক্রয় বন্ধ করতে বাধ্য হয়।

পেলোটনের পক্ষ থেকে অন্য একটি বিবৃতিতে বলা হয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তার প্রতি আমাদের অঙ্গীকার অটুট। আমরা ৩০ এপ্রিল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রীত ২১ লাখ ৬০ হাজার বাইকের মধ্যে ৩৫টির সিট ভেঙে পড়ার বিষয়টি শনাক্ত করেছি।

কভিড-১৯ লকডাউনের সময় বাড়িতে থেকে শরীরচর্চা করা যায়, এমন ডিভাইসের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে পেলোটনের পণ্য বিক্রয়ের পাশাপাশি শেয়ারের মূল্যও তখন বৃদ্ধি পায়। তবে সম্প্রতি বাইক প্রত্যাহারের খবরে এর শেয়ার ৮ শতাংশের বেশি কমে গেছে।