চীন আগস্টের পর সেপ্টেম্বরেও বার্ষিক কয়লা আমদানি বাড়িয়েছে। গত মাসে ২০২২ সালের সেপ্টেম্বরের চেয়ে আমদানির পরিমাণ বেড়েছে ২৭ দশমিক ৫ শতাংশ। গতকাল দেশটির শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। শিল্প খাত পুনরুদ্ধার হতে শুরু করায় দেশটিতে কয়লার চাহিদা বেড়ে চলেছে। পাশাপাশি উত্তর চীনের শীতল আবহাওয়ার কারণেও তাপীয় কয়লার ব্যবহার বেড়েছে। খবর রয়টার্স।
চীন বিশ্বের শীর্ষ কয়লা ব্যবহারকারী। শীতকালে দেশটিতে কয়লার চাহিদা সর্বোচ্চে ওঠে। তাই আসন্ন শীত মৌসুমের আগে আন্তর্জাতিক বাজারে সাশ্রয়ী মূল্য সুবিধা থাকায় ক্রেতারা আমদানি বাড়িয়েছেন।
তথ্য বলছে, সেপ্টেম্বরে ৪ কোটি ২১ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি করে চীন। এর আগের মাসে রেকর্ড কয়লা আমদানি করেছিল দেশটি। ওই মাসে ২০২৫ সালের পর সর্বোচ্চ ৪ কোটি ৪৩ লাখ টন আমদানি করে।
স্থানীয় উত্তোলন কমে যাওয়ায় আমদানি বেড়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কয়লা খনিগুলোয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় উত্তোলনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে সরবরাহ স্বল্পতার দরুন স্থানীয় কয়লার দাম বেড়ে গেছে। ফলে কম মূল্যে আমদানিমুখী হয়েছেন ব্যবসায়ীরা।
চীনা কয়লার বাজার আদর্শ কিনহুয়াংদাও ফ্রি-অন-বোর্ড (এফওবি) ৯ অক্টোবরে টনপ্রতি ১৫১ ডলার ৬৮ সেন্ট মূল্য নির্ধারণ করে। গত দুই বছরের মধ্যে এটিই জ্বালানিটির সর্বোচ্চ মূল্য।
শুল্ক তথ্যমতে, চীন জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে মোট ৩৪ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টন কয়লা আমদানি করেছে। গত বছরের একই সময়ের চেয়ে এ সংখ্যা ৭৩ দশমিক ১ শতাংশ বেশি।










