সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান বেড়েছে আড়াই গুণের বেশি। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে সমাপ্ত ২০২৩ হিসাব বছরে গোল্ডেন সনের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ পয়সা। সে হিসাবে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান বেড়েছে ২ দশমিক ৫৯ গুণ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৯ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৭৪ পয়সা। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিনিয়োগকারীর অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট ২৯ নভেম্বর। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ২ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গোল্ডেন সন। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩০ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২০ টাকা ২২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ৩ পয়সা।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল গোল্ডেন সন। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয় ১ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৯ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২০ টাকা ৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৮ পয়সা।