বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণ করতে যাচ্ছে ভিয়েতনামের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভিনফাস্ট। বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আসছে সপ্তাহে উত্তর ক্যারোলিনায় ৪০০ কোটি ডলারের বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) কারখানা নির্মাণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে এটি। খবর রয়টার্স।
ভিয়েতনামের বৃহত্তম জয়েন্ট স্টক কোম্পানি ভিনগ্রুপ মূলত প্রযুক্তি, আবাসন, খুচরা ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন শিল্পের সঙ্গে সম্পৃক্ত। গত বছর তারা যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণ পরিকল্পনার ঘোষণা দেয়। তবে প্রাথমিক পরিকল্পনার চেয়ে এক বছর পর অর্থাৎ ২০২৫ সালে উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভিনফাস্ট অটোর প্রধান থুই লে বলেন, ‘উত্তর আমেরিকায় যখন কার্যক্রম শুরু হবে, তখন এ কারখানাই হবে ওই বাজারে ভিনফাস্টের বিদ্যুচ্চালিত গাড়ির প্রাথমিক সরবরাহকারী। কারখানাটি নির্মাণে প্রথম পর্যায়ে ২০০ কোটি ডলার খরচ করা হবে, যেখানে বছরে দেড় লাখ ইভি যানবাহন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’










