মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ার দরে পতন ঘটেছে। সম্প্রতি উড়োজাহাজের কয়েকটি উপাদানের মানগত ত্রুটি দেখিয়ে ৭৩৭ ম্যাক্স জেট সরবরাহ স্থগিত করে প্রতিষ্ঠানটি। তার প্রতিক্রিয়া পড়েছে বিনিয়োগকারীদের মধ্যে। ফলে শেয়ার দরে ৫ দশমিক ৬ শতাংশ কমেছে। খবর রয়টার্স।
২০১৮ ও ২০১৯ সালের ম্যাক্স উড়োজাহাজের ভয়াবহ বিপর্যয়ের পর থেকে বোয়িংয়ের পরিচালনায় পরিবর্তন এসেছে। সরবরাহ বন্ধ করে দেয়ার কারণে দেরি হবে উৎপাদন। বিশেষ করে ত্রুটিযুক্ত উড়োজাহাজকে যথাযথ নিরীক্ষার জন্য সময়ের প্রয়োজন। উড়োজাহাজ সরবরাহে এ বিলম্ব বিরূপ প্রভাব ফেলবে এয়ারলাইনসগুলোর ওপর। কারণ এয়ারলাইনসগুলো সময়মতো উড়োজাহাজ সরবরাহের ওপর নির্ভর করেই অনেক সিদ্ধান্ত আগাম নিয়ে রাখে।
ঘটনাটি এমন সময় ঘটল, যখন বোয়িং তাদের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বোয়িং বর্তমানে প্রতি মাসে ৩১টি জেট উৎপাদন করছে। চলতি বছরের জুন থেকে প্রতি মাসে জেট উৎপাদন ৩৮-এ উত্তীর্ণ করার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা প্রতি মাসে ৪২টি বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
সম্প্রতি দেখা দেয়া ত্রুটিটি মূলত উড়োজাহাজের অনুভূমিক লেজের অংশে। উড়োজাহাজ নির্মাতার কাছে পাঠানোর আগে যা সঠিকভাবে কাঠামোর সঙ্গে লাগানো হয়নি। চলতি বছরে ইস্যুটি বোয়িংয়ের জন্য দ্বিতীয় বড় সমস্যা। এর আগে বোয়িং ৭৬৭ সরবরাহ স্থগিত করা হয় ত্রুটির জন্য।










