ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা নিসার কাদের ডিএসইতে গত ১১ আগস্ট ব্যাংকটির তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। ঘোষিত এ শেয়ার তিনি নির্ধারিত সময়ে বিক্রি করতে পারেননি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ শেয়ার বিক্রির জন্য বাড়তি সময় পেয়েছেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, শেয়ার বিক্রির নিষিদ্ধ সময়সহ আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি তিন লাখ শেয়ার বিক্রির জন্য সময় পেয়েছেন।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২৯ পয়সা।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ৮৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকেও ছিল একই। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ১৭ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৯০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ১১ পয়সা। সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ব্যাংকটি।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে এনসিসি ব্যাংক। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে একই সময় যা ছিল ২ টাকা ২০ পয়সা।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৪০ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২০৫ কোটি ৭৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৯৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৬ দশমিক ৯৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ২৫, বিদেশী বিনিয়োগকারীদের হাতে দশমিক ৪৮ ও বাকি ৩৯ দশমিক ৩৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।










