ভারতের কয়লা আমদানিতে উল্লম্ফন দেখা দিয়েছে। গত মে মাসে দেশটির আমদানি বেড়েছে ২০ দশমিক ৪ শতাংশ। এ সময় সব মিলিয়ে আমদানি করা হয় ১ কোটি ৯৯ লাখ ২০ হাজার টন কয়লা। গত অর্থবছরের একই মাসে আমদানি করা হয়েছিল ১ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টন। ভারতের বাণিজ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমজংশন সার্ভিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশটি সব মিলিয়ে আমদানি করেছে ৪ কোটি ২১ লাখ ৯০ হাজার টন কয়লা, যা গত অর্থবছরের তুলনায় ২৫ দশমিক ৪ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি করা হয়েছিল ৩ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টন।

প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে মোট আমদানির ১ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টনই তাপ কয়লা। গত অর্থবছরের মে মাসে তাপ কয়লা আমদানি করা হয়েছিল ১ কোটি ৫ লাখ ৪০ হাজার টন। অন্যদিকে গত মে মাসে ভারত ৪৪ লাখ ১০ হাজার টন ধাতব কয়লা আমদানি করে। গত অর্থবছরের একই মাসে আমদানির পরিমাণ ছিল ৩১ লাখ ৮০ হাজার টন। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (এপ্রিল-মে) তাপ কয়লা ২ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টন ও ধাতব কয়লা ৯১ লাখ ৫০ হাজার টন আমদানি করা হয়েছে।