শিল্প গ্রুপ ইস্পাহানির চট্টগ্রামের উত্তর পাহাড়তলীতে অবস্থিত শতভাগ রফতানিমূখী স্পিনিং মিল পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড নতুন একটি স্বীকৃতি পেয়েছে। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন ইউনিট-২-কে বিশ্বমানের লিড প্লাটিনাম সার্টিফিকেট দেয়া হয়েছে। পরিবেশবান্ধব ও দায়িত্বশীল উৎপাদনের স্বীকৃতি হিসেবে পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের এ অর্জন।

আজ সার্টিফিকেটটি ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে হস্তান্তর করেন শ্রীলংকার গ্রিন বিল্ডিং কাউন্সিলের চেয়ারম্যান মাহেন্দ্র জায়ালাথ। জ্বালানি সাশ্রয়ী মেশিনারি, নবায়নযোগ্য সৌর শক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন কারখানার উচ্চ মানদন্ড বজায় রাখার স্বীকৃতি স্বরূপ এ সনদ দেয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এছাড়া ছিলেন চট্টগ্রামের ব্যবসায়ী, লিড প্লাটিনাম কনসালটেন্ট, আর্কিটেক্ট, এবং ব্যাংকারসহ ইস্পাহানি গ্রুপের সিনিয়র কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা।

উল্লেখ্য, পাহাড়তলী টেক্সটাইলস্ লিমিটেড ১৯৫৪ সাল থেকে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে এ প্রতিষ্ঠান প্রায় ১ হাজার ৮০০ জনের কর্মসংস্থান হয়েছে।

যুগপোযোগী আধুনিক প্রযুক্তি ও দক্ষ উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে পরিচালিত পাহাড়তলী টেক্সটাইলের রয়েছে পাঁচটি উৎপাদন ইউনিট, যার বার্ষিক সুতা উৎপাদন সক্ষমতা প্রায় ২৩ হাজার টন। প্রতিষ্ঠানের প্রায় ৭০ শতাংশ কাঁচামাল পরিবেশবান্ধব উৎস থেকে সংগ্রহ করা হয়।

এছাড়া আধুনিক পরিবেশবান্ধব মেশিনারি এবং ১০ লাখ লিটার বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাসহ ১২ হাজারের বেশি গাছ সমৃদ্ধ সবুজ পরিবেশ প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক তৈরি পোশাক ব্র্যান্ডগুলোর কাছে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে।— সংবাদ বিজ্ঞপ্তি