চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের কাছে অ্যালুমিনিয়ামের তার সরবরাহ করতে চুক্তি করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি
ইস্টার্ন কেবলস লিমিটেড। চুক্তি অনুসারে চীনা কোম্পানির কাছে ৪২ লাখ ডলারের পণ্য সরবরাহ করবে ইস্টার্ন কেবলস। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
সম্প্রতি সম্পত্তি, কারখানা ও সরঞ্জামের পুনর্মূল্যায়ন করেছে ইস্টার্ন কেবলস। পুনর্মূল্যায়নের পর কোম্পানিটির সম্পত্তি, কারখানা ও সরঞ্জামের মূল্য দাঁড়িয়েছে ৮৯৫ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার ৪৯১ টাকা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে যার মূল্য ছিল ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৬৩৯ টাকা। পুনর্মূল্যায়নের পর কোম্পানিটির উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭৯ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৮৫২ টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৪ টাকা ৫১ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ২৯ পয়সা।










