দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে প্রথমবারের মতো ‘ভেন্ডর কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে শতাধিক উৎপাদক ও সরবরাহকারী এ কনফারেন্সে অংশ নেন।

কনফারেন্সে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতের উন্নয়নে উৎপাদক ও সরবরাহকারীর অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বিদ্যমান স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার, সম্ভাব্য নতুন অংশীদারদের কাছে রেডিয়েন্টের মান ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে ধরা, প্রকল্প ও ক্রয় পরিকল্পনা শেয়ার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কৌশলের গুরুত্ব উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে পণ্য ও সেবার সরবরাহ ব্যবস্থাপনার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।

কনফারেন্সে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘পণ্য, উৎপাদন ও শৃঙ্খলের গুণগত মান নিশ্চিতে রেডিয়েন্ট প্রতিশ্রুতিবদ্ধ ও নিবেদিত। আমরা সর্বোচ্চ মানের সেবা ও পণ্যের মান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছি।’

কনফারেন্সে অংশ নেয়া উৎপাদক ও সরবরাহকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কেবল আমাদের সরবরাহকারী নন, আপনারা আমাদের সহযোগী। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের অগ্রগতি সম্ভব নয়। আপনাদের আন্তরিকতা, দক্ষতা ও সদিচ্ছার সহযোগিতাই রেডিয়েন্টকে লক্ষ্য অর্জনে সহায়তা করেছে। আশা করি, আগামী দিনে রেডিয়েন্টের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যকার এ অংশীদারত্ব আরো জোরদার হবে এবং পারস্পরিক সহযোগিতা নতুন গতি পাবে।’

কনফারেন্সে আরো বক্তব্য রাখেন নেভিয়ান লাইফসায়েন্স ও ফার্মাসিল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মুসাওয়াত শামস জাহেদী, ফার্মেক টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্ট কিংলেন কং, কিলু অ্যান্টিবায়োটিকসের অ্যাসোসিয়েট ডিরেক্টর কেলি ঝাং, ম্যাক্সিম ফার্মার চিফ অপারেটিং অফিসার বিশাল ডোকা, লি ফার্মার জেনারেল ম্যানেজার এসকে ভাট, টিএসআই গ্রুপের সিনিয়র সেলস ডিরেক্টর কেভিন লি, কেরি ইনগ্রেডিয়েন্টসের কমার্শিয়াল ডিরেক্টর রমেশ চোনাথ, বিএএসএফ বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদুল হাসান এবং কালারকন বাংলাদেশের ন্যাশনাল সেলস ম্যানেজার কাজী মৃনাল আহমেদ। —বিজ্ঞপ্তি