৭৯টি শিল্পনগরীর মাধ্যমে বিসিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাড়ে ৩৮ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ক্ষুদ্র থেকে মাঝারি, মাঝারি থেকে বৃহৎ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প খাতকে ধারাবাহিকভাবে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ভূমিকা অনন্য।

বুধবার (১৬ মে) চট্টগ্রামে বিসিক কার্যালয়ে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিকের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিসিক চট্টগ্রামের উপ মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন। মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, প্যানেল আলোচনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্লাহ্ পাটোয়ারি, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোরশেদুল হক। 

বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিসিকের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) মো. আহসান কবীর বলেন, বিসিকের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোও ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করেছে। স্কয়ার, প্রাণ-আরএফএল, বিআরবি ক্যাবলসসহ বিভিন্ন শিল্পগ্রুপ বিসিকের মাধ্যমে কার্যক্রম শুরু করে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে বলে মনে করেন তিনি।