চলতি বছর ৫৯ কোটি ১০ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্য নিয়েছে ইন্দোনেশিয়া। গত বছর বিশ্বের কয়লা উৎপাদক দেশটির লক্ষ্যমাত্রা ছিল ৫৫ কোটি টন। তবে বছর শেষে ৫৬ কোটি ৪০ লাখ টন কয়লা উৎপাদন করে তারা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়েও ১ কোটি ৪০ লাখ টন বেশি কয়লা উত্তোলন করে দেশটি। ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
এক ভার্চুয়াল সম্মেলনে দেশটির জ্বালানিমন্ত্রী রিদওয়ান জামালউদ্দিন উপস্থাপিত প্রতিবেদনে দেখা যায়, এ বছর আগের তুলনায় ইন্দোনেশিয়ার কয়লা উৎপাদন লক্ষ্যমাত্রায় যুক্ত হচ্ছে আরো ৪ কোটি ১০ লাখ টন।
এদিকে কয়লা উত্তোলনে লক্ষ্যমাত্র ছাড়িয়ে গেলেও এ বছরের রফতানির লক্ষ্য থেকে কিছুটা দূরে রয়েছে ইন্দোনেশিয়া। চলতি বছর ৪০ কোটি ৮০ লাখ টন কয়লা রফতানি করেছে বিশ্বের শীর্ষ কয়লা সরবরাহকারী দেশটি। তাদের লক্ষ্য ছিল ৪১ কোটি ২৫ লাখ টন কয়লা রফতানি করার। তবে তা থেকেও কিছুটা কম কয়লা রফতানি করতে সক্ষম হয় তারা।










