পুঁজিবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৫ দশমিক ২৯ শতাংশ কমেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৭ পয়সা।
তথ্য অনুসারে, গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৩০ পয়সা।
সর্বশেষ ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে ১৩ টাকা ১৯ পয়সা।
কপারটেক ইন্ডাস্ট্রিজের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২২-২৩ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে ৪ শতাংশ স্টকের পাশাপাশি ৪ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কপারটেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৮ পয়সায়।
২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কপারটেক ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩৫ পয়সা। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ। ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৭০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৫ কোটি ৫২ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৮ কোটি ৭০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ২০ হাজার। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৪২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৭ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত এক বছরে কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর ৩৬ টাকা ৯০ পয়সা থেকে ৩৮ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।
সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ২০ দশমিক ৭৩, হালনাগাদ অনিরীক্ষিত প্রান্তিক ইপিএসের ভিত্তিতে যা ৪০ দশমিক ১১।










