দক্ষিণ কোরিয়ার অন্যতম ব্যান্ড গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক দেশটির ওয়াইজি এন্টারটেইনমেন্টের লেবেলের সঙ্গে তাদের চুক্তি নবায়ন করেছে। এতে কোম্পানিটির শেয়ার প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। সম্প্রতি ওয়াইজি এন্টারটেইনমেন্ট ইনকরপোরেশন বিষয়টি নিশ্চিত করেছে। ওয়াইজি এন্টারটেইনমেন্টের শেয়ার ২৯ শতাংশ বেড়ে ৬১ হাজার ৯০০ ওনে পৌঁছেছে। ঘোষণার পর তিন সপ্তাহেরও বেশি উচ্চতায় লেনদেন হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার অন্যান্য বিনোদন লেবেলের শেয়ারও বেড়েছে। এর আগে গত আগস্টে ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ব্ল্যাকপিঙ্কের। এরপর এজেন্সিটির সঙ্গে ব্ল্যাঙ্কপিঙ্কের সদস্যরা আর চুক্তি নবায়ন করবে না বলে গুঞ্জন শোনা যায়। তবে শেষমেশ গুঞ্জন এড়িয়ে চুক্তি নবায়ন করল ব্যান্ড দলটি। ওয়াইজি এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আমরা ব্ল্যাকপিঙ্কের সঙ্গে গভীর আলোচনার পর একসঙ্গে কাজ করার জন্য একচেটিয়া চুক্তি স্বাক্ষর করেছি। ২০১৬ সালে ‌হুইসেল ও ‌বুমরায়াহ গানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল ব্ল্যাকপিঙ্ক। পপ, হিপহপ ও ট্র্যাপের মিশ্রণে নাচ ও গানে আন্তর্জাতিকভাবে বেশ জনপ্রিয়তা পায় কোরিয়ান গার্ল গ্রুপ নামে পরিচিত ব্যান্ডটি। রয়টার্স