চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আয়ের পরিমাণ প্রাক-কভিড পর্যায়ে ফিরবে বলে আশা করছে ডেল্টা এয়ারলাইনস। এমনকি ফ্লাইটের সংখ্যা কম হলেও আয়ের পরিমাণ ২০১৯ সালের পর্যায়ে পৌঁছবে। টিকিটের দাম বাড়ার কারণে আয় বাড়ছে বলেও জানিয়েছে মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর এপি।

ডেল্টা জানিয়েছে, সিটপ্রতি আয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। আয় বাড়ার সঙ্গে সংস্থাটির ব্যয়ও ঊর্ধ্বমুখী হয়েছে। কারণ ক্রমবর্ধমান জেট ফুয়েলের দাম উড়োজাহাজ পরিবহন সংস্থার ব্যয় বাড়িয়ে তুলেছে। পাশাপাশি শ্রমব্যয় ও অন্যান্য খরচও বেড়ে গিয়েছে। এ সময়ে অ-জ্বালানি ব্যয় ২২ শতাংশ পর্যন্ত বাড়বে। যেখানে এপ্রিলের মাঝামাঝি এ ব্যয় ১৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল।

এমন মিশ্র পূর্বাভাসের পর গতকাল ডেল্টার শেয়ারদর ৫ শতাংশ কমে গিয়েছে। ডেল্টার পাশাপাশি অন্যান্য এয়ালাইনসের শেয়ারদরও পতন হয়েছে। ডেল্টার সিইও এড বাস্তিয়ান বলেন, গ্রীষ্মের দিকে অগ্রসরের সঙ্গে সঙ্গে মৌলিক থেকে প্রিমিয়াম পর্যন্ত সব আসনের জন্যই গ্রাহক বেশি অর্থ ব্যয় করছেন। আমরা আশা করি, এ গ্রীষ্মে টিকিটের দাম গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ বাড়বে।