বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস মহামারীর নতুন ধরন ওমিক্রনের উদ্বেগ আগের তুলনায় কমায় বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এমন সময় পণ্যটির দাম বেড়েছে, যখন বিভিন্ন দেশ সংক্রমণপ্রবাহ ছড়ানোর আশঙ্কায় ভ্রমণে নিষেধাজ্ঞার মতো কড়াকড়ি আরোপ করছে। খবর রয়টার্স।

ওমিক্রন আগের যেকোনো ধরনের তুলনায় খুব দ্রুত ছড়াতে পারে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে, এতে আক্রান্ত ব্যক্তিরা তুলনামূলকভাবে কম অসুস্থ হচ্ছেন। এমন তথ্য সামনে আসার পরই অপরিশোধিত জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।

ইউরোপে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ ডলার ৫৬ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৬ ডলার ৮৫ সেন্ট।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ৩ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৭৩ ডলার ৭৯ সেন্টে পৌঁছেছে।