যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের পরিবারগুলোকে আসন্ন শীতে ঘর উষ্ণ রাখতে সহায়তা দেবে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এজন্য ১ হাজার ৩৫০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে সরকার। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে তহবিল গঠনের এ ঘোষণা দেয় হোয়াইট হাউজ। রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়, সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য এবং মানবসেবা বিভাগ লো ইনকাম হোম এনার্জি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম (এলআইএইচইএপি) তহবিলে ৪৫০ কোটি ডলার দেবে, যা প্রক্রিয়াধীন রয়েছে। তবে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ঠাণ্ডা আবহাওয়ার কারণে ঘর উষ্ণ রাখতে এবারের শীতে আগের বছরের তুলনায় দেশটির পরিবারগুলোকে ২৮ শতাংশ বেশি অর্থ প্রদান করতে হতে পারে।

হোয়াইট হাউজ জানায়, ঘর উষ্ণ রাখার পাশাপাশি নতুন তহবিল যুক্তরাষ্ট্রের পরিবারগুলোকে অন্যান্য বিল পরিশোধেও সহায়তা করবে। একই সঙ্গে এ তহবিল তাদের হোম এনার্জি অ্যাপ্লায়েন্স মেরামতে সহায়তা করবে। ফলে তাদের জ্বালানি ব্যয়ও কমে আসবে।

এদিকে সরকারের জ্বালানি বিভাগ দেশটির মূল্যস্ফীতি হ্রাস আইন থেকে ৯০০ কোটি ডলার তহবিল বরাদ্দ করার কথা জানিয়েছে। বাসাবাড়িতে নিম্ন জ্বালানি সরবরাহ লাইনগুলো উন্নয়নে এ তহবিলের অর্থ ১৬ লাখ পরিবারকে প্রদান করা হবে। যুক্তরাষ্ট্রের প্রায় ১৩ কোটি নাগরিক তাদের ঘর উষ্ণ রাখতে প্রায় ৯০ শতাংশ তাপের জন্য প্রাকৃতিক গ্যাস বা বিদ্যুতের ব্যবহার করে থাকে। বাকি ১০ শতাংশ তাপের জন্য জ্বালানি হিসেবে প্রোপেন গ্যাস বা কাঠ ব্যবহার করে থাকে।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) এক পূর্বাভাসে জানায়, এবারের শীতে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে ঘর উষ্ণ রাখতে প্রতি পরিবারকে ৯৩১ ডলার করে ব্যয় করতে হবে। পাশাপাশি বিদ্যুতের জন্য ব্যয় করতে হবে ১ হাজার ৩৫৯ ডলার। ফলে গত বছরের তুলনায় এ বছর ২৮ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ ১০ শতাংশ বেশি ব্যবহূত হবে।

একই সঙ্গে ঘর গরম রাখতে প্রতি পরিবারকে জ্বালানি তেলের জন্য প্রায় ২ হাজার ৩৫৪ ডলার ব্যয় করতে হবে, যা গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি। প্রোপেনের ব্যবহার ৫ শতাংশ বৃদ্ধি পাবে। ফলে পরিবারগুলোকে এটির জন্য ১ হাজার ৬৬৮ ডলার ব্যয় করতে হবে। এদিকে ব্যয় বৃদ্ধি সত্ত্বেও প্রাকৃতিক গ্যাস দেশটির তাপের সবচেয়ে সস্তা উৎস হিসেবে রয়ে যাবে।