প্রতি বছর আন্তর্জাতিক বাজারে দু-তিন লাখ টন ভুট্টা রফতানি করে কম্বোডিয়া। তবে ২০১৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ইতিহাসের সবেচয়ে বেশি ভুট্টা রফতানি করেছিল। এর পর থেকে কৃষিপণ্যটির রফতানির পরিমাণ অপরিবর্তিত রেখেছে দেশটি। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার ও সিনহুয়া।

ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে কম্বোডিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে তনি লাখ টন ভুট্টা রফতানি হয়েছিল। পরের বছর দেশটি কৃষিপণ্যটির রফতানি বাড়িয়ে পাঁচ লাখ টনে উন্নীত করে, যা আগের বছরের তুলনায় ৬৬ দশমিক ৬৭ শতাংশ বেশি। দেশটির ইতিহাসে এটাই ভুট্টার সর্বোচ্চ রফতানির রেকর্ড।

এর পর থেকে কম্বোডিয়ার ভুট্টা রফতানি আর বাড়েওনি, কমেওনি। ২০১৮ ও ২০১৯ সাল—দুই বছরই কম্বোডিয়া থেকে আন্তর্জাতিক বাজারে পাঁচ লাখ টন করে ভুট্টা রফতানি হয়েছে। তবে স্থিরাবস্থা কাটিয়ে চলতি বছর দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।