চীনের সাংহাইয়ে চলতি সপ্তাহে বিশ্বের বৃহত্তম গাড়ি প্রদর্শনী শুরু হয়েছে। এ আয়োজনকে কেন্দ্র করে বৈশ্বিক ও চীনা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। খবর এপি।
সূত্রের তথ্যানুযায়ী, সাংহাই অটো শো চার বছরের মধ্যে তাদের প্রথম পূর্ণমাত্রার বিক্রয় প্রদর্শনী। আয়োজনটি এরই মধ্যে ইলেকট্রিক, সেলফ-ড্রাইভিং ও অন্যান্য প্রযুক্তির জন্য একটি বড় কর্মশালায় পরিণত হয়েছে। এ প্রদর্শনীতে বেশকিছু নতুন মডেলের বিদ্যুচ্চালিত এসইউভি, সেডান ও মাসল গাড়ি উন্মোচন করবেন নির্মাতারা।
প্রতিবেদন বলছে, গাড়ি নির্মাতারা প্রযুক্তির সবচেয়ে বড় এবং জনাকীর্ণ বাজারটিতে দ্রুত, আরো বিলাসবহুল ও অধিক ফিচারযুক্ত ইভি চালুর জন্য প্রতিযোগিতা করছেন। দেশটির সরকার দ্রুতবর্ধনশীল ও সম্ভাবনাময় খাতটিতে অবস্থান শক্ত করতে শতকোটি ডলার বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠিত বৈশ্বিক ব্র্যান্ডগুলো এরই মধ্যে চীনা প্রতিযোগীদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছে।
কভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন চীনের বাজার বন্ধ ছিল। তবে গত ডিসেম্বরে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। ফলে ২০১৯ সালের পর এবারের আয়োজনে নির্বিঘ্নে অংশ নিতে পারছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানি গাড়ি নির্মাতারা। শিল্পের বৃহত্তম বাজারটিতে মহামারী চলাকালীন ছোট আকারে গাড়ি প্রদর্শনী হয়েছে। বৃহৎ ব্র্যান্ডগুলো চীনা কারখানার কর্মীদের দিয়ে সেসব প্রদর্শনীতে প্রতিনিধিত্ব করিয়েছে।
বিশ্বে গাড়ির সবচেয়ে বড় বাজার চীন। গত বছর চীনের চালকরা ৫৪ লাখ ইভি কিনেছিল। সে হিসাবে সারা বিশ্বে বিক্রি হওয়া মোট ৮০ লাখ ইভির দুই-তৃতীয়াংশ চীনে বিক্রি হয়েছে। পাশাপাশি চীনে ১৫ লাখ গ্যাসোলিন-ইলেকট্রিক হাইব্রিড গাড়ি বিক্রি হয়েছে। এ পরিসংখ্যান অনুসারে, গত বছর চীনে মোট গাড়ি বিক্রি হয়েছে ৬৯ লাখ। এ সংখ্যা একই সময় সারা বিশ্বে বিক্রি হওয়া মোট ২ কোটি ৩৬ লাখ গাড়ির এক-চতুর্থাংশ। এ বছরে ইভি বিক্রির পরিমাণ আরো ৩০ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এলএমসি অটোমোটিভের জন জেং নামের একজন শিল্প বিশ্লেষক বলেন, ‘ভোক্তারা পেট্রলচালিত গাড়ির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। চীনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিদেশী ব্র্যান্ডগুলোকে তাদের সেরা ইভি পণ্য দেখাতে হবে। এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
ফক্সওয়াগেন এজি চীনের সর্বাধিক বিক্রীত ব্র্যান্ড। নির্মাতা প্রতিষ্ঠানটি এবার ২৮টি মডেল প্রদর্শন করার পরিকল্পনা করেছে। যার মধ্যে অর্ধেক থাকবে ইভি। ফক্সওয়াগন প্রদর্শনীতে আইডি.৭ লিমোজিন নামের বিশেষ একটি ইভি উন্মোচন করেছে। এক চার্জে এটি ৭০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এছাড়া চীনের আরেক নির্মাতা বিওয়াইডি অটো, যা বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইভি নির্মাতা টেসলার সঙ্গে প্রতিযোগিতা করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি প্রথমবারের মতো তাদের বিলাসবহুল ইয়াংওয়াং ব্র্যান্ডের ইউ৯ সুপারকার প্রদর্শন করবে। গাড়ি নির্মাতাটি বলছে, ১০ লাখ ইউয়ান বা ১ লাখ ৪৫ হাজার ডলার মূল্যের গাড়িটি খুব অল্প সময়ের মধ্যে শূন্য থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত এর গতি বাড়াতে পারে।
তথ্য বলছে, ২০১৭ সালে ২ কোটি ৪৭ লাখ ইউনিটে গাড়ি বিক্রি হয়েছে চীনে। কিন্তু কভিড-১৯ মোকাবেলা করতে গিয়ে ২০২০ সালে বিক্রির পরিমাণ নেমে আসে ২ কোটি ২ লাখ হাজার ইউনিটে। তবে বাজার বিশ্লেষকরা এখন খাতটিতে পুনরুদ্ধারের দৃশ্য দেখতে পাচ্ছেন। অনুষ্ঠিতব্য এ আয়োজন সে বার্তাই দিচ্ছে।










