টানা তৃতীয় দিনের মতো ফিউচার মার্কেটে বেড়েছে আকরিক লোহার দাম। ধাতুটির শীর্ষ ব্যবহারকারী চীনে ইস্পাত প্রস্তুতকারীরা আমদানি বাড়ানোয় চাহিদা বেড়েছে আন্তর্জাতিক বাজারে। তবে এখনো দুর্বল ইস্পাত বাজারে লাভের পরিমাণ সীমিতই রয়ে গেছে। চীনে বড় সাপ্তাহিক ছুটি শুরু হওয়ার আগে ইস্পাত উৎপাদকরা আকরিক লোহার মজুদ বাড়ানোয় চাহিদা বেড়েছে ধাতুটির। খবর রয়টার্স।

সিঙ্গাপুর এক্সচেঞ্জে ইস্পাত তৈরির উপাদানের অক্টোবর বেঞ্চমার্কে এসজেডজেডএফইউ৩-এর টনপ্রতি মূল্য দশমিক ১৭ শতাংশ বেড়ে ১১৯ ডলার ২৫ সেন্টে উঠেছে। গত ৩১ মার্চের পর এটিই আকরিক লোহার সর্বোচ্চ দর।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারিতে বাণিজ্যিক লেনদেনের শীর্ষে থাকা ডিসিআইওসিভি১-এর মূল্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে টনপ্রতি ৮৬০ দশমিক ৫০ ইউয়ান বা ১১৮ ডলার ১৩ সেন্টে উঠেছে।

এক চীনা ইস্পাত উৎপাদক বলেছেন, ‘‌কারখানাগুলো আসন্ন সপ্তাহব্যাপী ছুটির (২৯ সেপ্টেম্বর থেকে শুরু) সময় উৎপাদন চাহিদা মেটাতে আকরিক লোহার আমদানি বাড়িয়েছে। বেশির ভাগ মিলেই কম মজুদ থাকায় চাহিদা বেড়েছে বেশি।’

মাইস্টিলের তথ্যমতে, প্রধান বন্দরগুলোয় আকরিক লোহা লেনদেনের পরিমাণ দৈনিক ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। মঙ্গলবার ধাতুটির আমদানির পরিমাণ ছিল ১৫ লাখ ৬০ হাজার টন। ৮ সেপ্টেম্বর পর্যন্ত মিলগুলোয় সাপ্তাহিক মজুদের পরিমাণ ছিল ৮ কোটি ৫৩ লাখ ২০ হাজার টন। এ সংখ্যা সাপ্তাহিক হিসাবে দশমিক ৫ শতাংশ ও বার্ষিক ১২ শতাংশ কম।

ইস্পাত উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপাদানের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। অন্যদিকে লোহা পোড়াতে ব্যবহৃত দুই ধরনের ধাতব কয়লার (কোকিং কোল) দামও দশমিক ৯ ও দশমিক ৫১ শতাংশ কমেছে।