স্পেনে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। দেশটি মূলত আমদানির মাধ্যমে খাদ্যশস্যের দেশীয় চাহিদা পূরণ করে থাকে। তবে চলতি বিপণন মৌসুমে উৎপাদন বৃদ্ধি পেলে স্পেনের খাদ্যশস্য আমদানি নির্ভরতা কমবে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টানা দ্বিতীয় বছরের মতো স্পেনে শীতকালীন খাদ্যশস্যের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় প্রত্যাশিত সাফল্য পেয়েছেন দেশটির কৃষকরা। স্পেনের খাতসংশ্লিষ্টরা মনে করছেন, ২০২১-২২ মৌসুমে স্পেনে ২ কোটি ৪০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২১-২২ বিপণন মৌসুমে স্পেনে সব মিলিয়ে ৩ কোটি ৬০ লাখ টন খাদ্যশস্য উৎপাদিত হতে পারে।
চলতি মৌসুমে স্পেনে ১ কোটি ৪০ লাখ টন খাদ্যশস্য আমদানির চাহিদা রয়েছে। তবে উৎপাদনে প্রত্যাশিত প্রবৃদ্ধি এলে আমদানির পরিমাণ কমে ১ কোটি ৩০ লাখ টনে নেমে আসতে পারে।
স্পেনে খাদ্যশস্যের ব্যবহার মূলত দেশটির গবাদি পশু খাদ্যের চাহিদার ওপর নির্ভরশীল। দেশীয় চাহিদার ৭৫ শতাংশ খাদ্যশস্যই গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে।










